বগুড়ায় প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণে শিক্ষক সেবিকা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৯

বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক মো. আমিনুল ইসলাম। 

আশার বগুড়া ডিভিশনাল ম্যানেজার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়ার এডিসি (রাজস্ব) মো. আব্দুল মালেক, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. মকবুল হোসেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী শেখ, আশার উপদেষ্টা (এইচআর, ট্রেনিং এন্ড এডুকেশন) সুশীল কুমার রায়। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, প্রকল্প কর্মকর্তা মো. সামিউল হক। 

আরও পড়ুন: ছাত্রদলের সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কর্মশালায় জানানো হয়, আশা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়া রোধে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালনা করছে। বর্তমানে ৬৩ জেলায় এক হাজার আশা ব্রাঞ্চের ১৫ হাজার শিক্ষাকেন্দ্রের মাধ্যমে দরিদ্র পরিবারের প্রায় ৪ লাখ ৮০ হাজার শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে। বগুড়া জেলার ৪২৫টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় ১২ হাজার শিক্ষার্থী এ সুবিধা পাচ্ছে।

ইত্তেফাক/অনি