মেঘগুলো উড়তে উড়তে সবুজদের গ্রামের মাঠে এসে থামল। রাতে একপসলা বৃষ্টি এসে মাঠটিকে ভিজিয়ে দিয়ে গেছে। চারদিকে পাখিদের কিচিরমিচির। মাঠের পাশে শান্ত গভীর দিঘি। দিঘির জলে শ্বেত-শুভ্র হাঁসের দল বারবার মুখ ডুবাচ্ছে। একটু দূরে শস্যখেত। তরুণ কৃষক হাতের বাঁশিটা বুকের ওপর রেখে বটগাছের শীতল ছায়ায় গভীর ঘুমে আচ্ছন্ন। ঝিরি ঝিরি বাতাসে কী যে শান্তির পরশ। বকুল ফুলের গন্ধে আনন্দে নেচে ওঠে মন। সবুজ দেখল পায়ের নিচে বকুল ফুলগুলো তারার মতো ছড়িয়ে আছে। চারদিকে ঘাসফড়িং নেচে নেচে সবুজকে ওদের গ্রামে নিমন্ত্রণ জানাচ্ছে। সবুজ তাদের ছুঁতে চাইলেও ওরা সবুজের কাছে ধরা দিল না। কিছুক্ষণ লুকোচুরি খেলে হারিয়ে গেল। কোনো এক জেলে মাছ ধরবে বলে জালটিকে পিঠের ওপর ফেলে হেলে দুলে হেঁটে যাচ্ছে। পাশেই দাঁড়ানো দুরন্ত কিশোর সবুজ। হাতে তার রঙিন ঘুুড়ি। এখনই ঘুড়ি উড়াবে সে। অনেক উঁচুতে ঘুড়ি উড়াবে—যেন গ্রামের সবচেয়ে উঁচু সুপারি গাছটিকেও ছাড়িয়ে যায়। তার কিশোর চোখে স্বপ্ন, মুখে হাসি। সবুজ আজ ঘুড়ি উড়াবে, তরুণ কৃষকের বাঁশির সুর শুনবে, কিশোরী মেয়ের বকুল ফুলের মালা গাঁথা দেখবে, জেলে ভাইয়ের সঙ্গে মাছ ধরবে। আর এভাবেই সবুজ মিশবে সবুজে।
আহা কী হলো! এই সবুজ উঠ! উঠ! মায়ের ডাকে বিছানায় শুয়ে চোখ খুলে তাকাতেই সবুজ দেখল—সে তাদের জিগাতলার ফ্ল্যাটে শুয়ে আছে। ওর স্বপ্নের ঘোর এখনো কাটেনি। ঘরে এসির ঠান্ডা বাতাস এসে গায়ে লাগল। খাটের ধারে রেহানা গোমড়া মুখে দাঁড়ানো। রেহানার পরনের কাপড়ে হলুদের দাগ। চোখ ফোলা ফোলা। চুলগুলো অগোছালো। কিন্তু কেন! বিছানা গোছাতে গোছাতে রেহানা বলল, ‘সবুজ ভাইয়া জানো, এবার ঈদের ছুটিতে আমাদের গ্রামে যাওয়া হচ্ছে না।’ কিন্তু সবুজ তো গতরাতেই মা-বাবার সঙ্গে কথা বলেছে। ওরা ঠিক করেছে ঈদের দুই-তিন দিন আগে পীরগঞ্জে ওদের নানাবাড়ি যাবে। স্কুল, স্কুলের পড়া, স্কুলের কাজ, হোম টিচার—এসব ছেড়ে সবুজ সবুজে হারাবে। মাকে জিজ্ঞেস করতেই মায়ের কাট কাট জবাব—তোমার বাবাকে বলো। বাবার সোজা জবাব—পড়তে বসো। গত টার্মে তোমার রেজাল্ট ভালো হয়নি। এখন বেড়ানোর সময় নেই। তাছাড়া আমার আগের প্রজেক্টের কাজ ছুটিতে শেষ করব। নতুন প্রজেক্টের জন্য টাকা চাইতে হবে। অতএব ঢাকায় ঈদ করব।
সবুজ নীরবে বারান্দায় দাঁড়িয়ে আছে। চারপাশে দেয়ালের ফাঁকে এক টুকরো আকাশ, জানালার গ্রিলে ঝুলছে মানিপ্লান্টের ভেজা সবুজ পাতা। গতরাতে কি সত্যি বৃষ্টি এসেছিল! শহরে পাখি ডাকে, বৃষ্টি হয়, গাছের পাতা ভেজে তবুও কেন সবুজের অবসর মেলে না—এক টুকরো সবুজে হারানোর, সবুজে মেশার।
