মনোনয়নপত্র গ্রহণ করে ১১ জনকে নির্বাচনে সুযোগ দিতে নির্দেশ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০০:৩৫

ইত্তেফাক রিপোর্ট

পদে থেকেও একাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ পাচ্ছেন বেশ কয়েকজন পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান। রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট আটজনের মনোনয়নপত্র গ্রহণ করে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ইসিকে নির্দেশ দিয়েছে। পৃথক পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। হাইকোর্টের এই আদেশের ফলে পৌর মেয়র পদে থেকেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন বিএনপির প্রার্থী নীলফামারী-৪ আসনের আমজাদ হোসেন সরকার, নীলফামারী-৩ আসনে ফাহমিদ ফয়সাল চৌধুরী, নওগাঁ-৫ আসনে নাজমুল হক, পঞ্চগড়-১ আসনের তৌহিদুল ইসলাম। এছাড়া উপজেলা চেয়ারম্যান পদে থেকে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন বগুড়া-৭ আসনের সরকার বাদল, বগুড়া-৩ আসনে বিএনপির আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৬ আসনে একেএম মাহফুজুর রহমান।

পদত্যাগ না করে সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেন এই আট প্রার্থী। কিন্তু ওই পদটি লাভজনক হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করে দেয় রিটার্নিং অফিসার। ওই সিদ্ধান্ত বহাল রাখে ইসি। বলা হয়, পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হবে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন প্রার্থীরা। আবেদনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ড. শাহদীন মালিক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ

হাইকোর্টের নির্দেশে কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে এ আদেশ দিয়েছে হাইকোর্ট। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) আপিল শুনানি শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখে। ইসির সিদ্ধান্তে বলা হয়েছিলো, নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম এক শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। কিন্তু স্বাক্ষরকৃত ভোটারের তালিকার ক্রমিক নম্বরে গড়মিল থাকায় তা বাতিল করা হয়।

এছাড়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী ও নওগাঁ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেনের মনোনয়নপত্র গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে বলা হয়েছে। বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন। এছাড়া ময়মনসিংহ-১ আসনে বিএনপির আলী আজগরের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে রিট করে ফারমার্স ব্যাংক। শুনানি নিয়ে হাইকোর্ট তার মনোনয়নপত্র স্থগিত করে রুল জারি করেছে।

তিন জনের বিষয়ে আজ আদেশ

বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং খাগড়াছড়ি -১ আসনে আব্দুল ওয়াদূদ ভুইয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আজ আদেশ দেবে হাইকোর্ট। শুনানি নিয়ে ওই তিনজনের বিষয়ে আদেশের জন্য এ দিন ধার্য করেছে বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি,  এএফ হাসান আরিফ ও ফখরুল ইসলাম।