ইত্তেফাক রিপোর্ট
ঝিনাইদহ-৩ আসনে মনোনয়নবঞ্ছিত হয়ে বিএনপির সব সাংগঠনিক পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন সংগীতশিল্পী মনির খান। গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন তিনি।
মনিরখান বলেন, আমি বাংলাদেশের একজন জাতীয় সংগীতশিল্পী। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) মহাসচিব হিসেবে দলে যোগদান করি। পরবর্তীতে আমার সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ও বিএনপির সহ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক নির্বাচন করা হয়।
মনির খান বলেন, বিভিন্ন অজুহাতে আমার এলাকার জনগণ এবং আমাকে জাতীয় নির্বাচন থেকে সরিয়ে দেয়া হয়েছে। এমন অবস্থায় আমার নির্বাচনী এলাকার জনগণের প্রাণের দাবির সঙ্গে একাকার হয় বিএনপির সব সাংগঠনিক পদ থেকে আমি ইস্তফা দিলাম।
উল্লেখ্য, ঝিনাইদহ-৩ আসন থেকে এবার ধানের শীষের হয়ে লড়তে চেয়েছিলেন বিশিষ্ট এই সংগীতশিল্পী। তবে আসনটি জামায়াতের মোঃ মতিয়ার রহমানকে ছেড়ে দেয়ায় তিনি বঞ্চিত হন।
