সালমান শাহ জন্মোত্সব উদ্বোধন

বিএফডিসি’তে সালমান শাহ শুটিং ফ্লোর করার দাবি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৩

অকাল প্রয়াত নায়ক সালমান শাহ’র ৪৮তম জন্মদিনে তার স্মরণে উদ্বোধন করা হয় ‘সপ্তাহব্যাপী সালমান শাহ জন্মোত্সব’। এফডিসিতে সালমান শাহ’র নামে শুটিং ফ্লোর করার দাবি ওঠে সেখানে। চিত্রনায়ক শাকিব খান জানান, নামকরণের জন্য তিনি কাজ করবেন। গতকাল দুপুরে রাজধানীর মতিঝিলের মধুমিতা প্রেক্ষাগৃহে উত্সব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন চিত্রনায়ক শাকিব খান।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সালমানের ক্রেজ এখনো এতটুকু কমে যায়নি। আজকের অনুষ্ঠানে অনেকে মাথায় রুমাল বেঁধে এসেছেন। অনেককে দেখছি টি-শার্টের সামনে সানগ্লাস ঝুলিয়ে রেখেছেন। এই স্টাইলগুলো দিয়ে সালমান ফিরে আসেন আমাদের মাঝে, বারবার।’

অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। কারণ আমার হাত দিয়ে সালমান ভাইয়ের মতো শিল্পীর জন্মদিনের কেক কাটতে পারছি। তবে আরো আনন্দিত হতাম, যদি তিনি আমাদের পাশে থাকতেন।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গানবাংলা টিভি ও টিএম ফিল্মসের চেয়ারম্যান ফারজানা মুন্নী, চিত্রপরিচালক সোহানুর রাহমান সোহান, ছটকু আহমেদ, চিত্রনায়িকা শবনম বুবলী, আইরিন সুলতানা, জাহারা মিতু, কণ্ঠশিল্পী আরিফ, সাব্বির, লুইপা, রাশেদ, অমৃতা খান, ঐশী প্রমুখ। অনুষ্ঠানে সালমান শাহ ভক্তদের উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘এফডিসির ভেতরে সালমান ভাইয়ের নামে একটি শুটিং ফ্লোর কিংবা রাস্তা যেন করা হয়। এজন্য আমি এফডিসি কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই কথা বলবো।’ প্রজন্ম থেকে প্রজন্মে সালমানের সিনেমা ছড়িয়ে দিতেই এই জন্মোত্সবের আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজক ঢুলি কমিউনিকেশনস। এবারের আয়োজনে ৭ দিনে ৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। মধুমিতা প্রেক্ষাগৃহে এগুলো চলবে আজ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আজ ‘কেয়ামত থেকে কেয়ামত’, আগামীকাল ‘তোমাকে চাই’, ২২ সেপ্টেম্বর ‘মায়ের অধিকার’, ২৩ সেপ্টেম্বর ‘চাওয়া থেকে পাওয়া’, ২৪ সেপ্টেম্বর ‘তুমি আমার’, ২৫ সেপ্টেম্বর ‘অন্তরে অন্তরে’ ও ২৬ সেপ্টেম্বর ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমাগুলো প্রদর্শনের মধ্য দিয়ে উত্সবের সমাপ্তি ঘটবে।