এদেশের গুণী কণ্ঠশিল্পী কাজী শুভ তার গানের ভেতর দিয়ে এরইমাঝে দীর্ঘ একটি সময় পার করেছেন। নিজের একমাত্র কন্যা পূর্ণতার জন্মদিনে তাই কাছের মানুষদের নিয়ে ছোট্ট একটি গেট-টুগেদারের আয়োজন করলেন।
বিভিন্ন খুনসুটিতে প্রায় সময়ই ফেসবুকে বাবা কাজী শুভ আর ছোট্ট মেয়ে পূর্ণতার গানের আসর দেখেছেন অনেকেই। কাজী শুভ বলেন, ‘প্রায় সময় আমার স্টুডিওতে এসে সে বাবার গানে সুর ধরে। অনেকদিন নিজের পছন্দের মানুষদের নিয়ে আড্ডা দেওয়া হয় না। সে কারণেই কন্যার জন্মদিনকে কেন্দ্র করেই এই প্ল্যান করা।’ আর পরিকল্পনা মতোই ঢাকার স্থানীয় এক রেস্তোরাঁয় বসেছিল তারকামেলা। কণ্ঠশিল্পী শহীদ, আইয়ুব, প্রকাশক ধ্রুব গুহ, একেএম আরিফুর রহমান, মাজহারুল ইসলাম, গীতিকার জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, লিমন আহমেদসহ একাধিক শিল্পী-কলাকুশলীদের সঙ্গে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
কাজী শুভ বলেন, ‘ফেসবুকের এই যুগে নিজেদের ভার্চুয়াল সম্পর্কটাও ভাঙা দরকার। তাই অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আমার মেয়েটির জন্য সবাই দোয়া করবেন।’ উল্লেখ্য, অডিও মাধ্যমে একাধিক ব্যানার থেকে এ সময়ে সর্বাধিক গান রিলিজে এগিয়ে আছেন কাজী শুভ। এটি তার বাজার চাহিদাই প্রমাণ করে।
