অফলাইন ট্রিপ কমাতে ব্যবহারকারীদের জন্য এলো পাঠাও পয়েন্টস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫২

বাংলাদেশের বৃহত্তম-অন-ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফরম পাঠাও লিমিটেড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন ফিচার ‘পাঠাও পয়েন্টস’। নতুন এই ফিচারের ফলে যাত্রীরা অ্যাপ ব্যবহারে আরো উত্সাহিত হবে এবং কমে আসবে অফলাইন ট্রিপ।

নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে রাইড সেবা এবং দ্রুত ফুড ডেলিভারির পাশাপাশি অ্যাপ ব্যবহারকারীদের আরো উন্নত সেবা প্রদান করতে যাচ্ছে পাঠাও। গ্রাহকদের সকল চাহিদাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে ‘পাঠাও পয়েন্টস’ প্রোগ্রামটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা পাঠাও অ্যাপ ব্যবহার করে পয়েন্ট অর্জন করবেন এবং উপভোগ করবেন বিভিন্ন সুযোগ-সুবিধা। পাঠাও পয়েন্টসে গ্রাহকদের জন্য রয়েছে চার ধাপ বিশিষ্ট সদস্যপদ। সদস্যপদগুলো যথাক্রমে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং প্লাটিনাম।

 প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা পাঠাও প্ল্যাটফরমে খরচ হওয়া অর্থের বিপরীতে পয়েন্ট অর্জন করবেন। ২০০ পয়েন্ট অর্জন করার সঙ্গে সঙ্গে তারা ব্রোঞ্জ থেকে সিলভার সদস্যপদে স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড হবেন। পয়েন্ট সংখ্যা ১০০০ হলে তারা পৌঁছে যাবেন গোল্ড সদস্যপদে এবং ৭০০০ পয়েন্ট হলে গ্রাহকরা পাবেন প্লাটিনাম সদস্যপদ।

যে পয়েন্টগুলো গ্রাহকরা অর্জন করবে তার মাধ্যমে তারা পাঠাও এর সেবার ক্ষেত্রে অফার উপভোগ করতে পারবেন। অফারগুলোর মধ্যে রয়েছে প্রায়োরিটি সাপোর্ট, ভালো রেটিংযুক্ত ড্রাইভার প্রাপ্তির সুযোগ, নির্দিষ্ট ফুড অর্ডারে ফ্রি ডেলিভারি, প্রিমিয়াম সাপোর্ট হটলাইন এবং দুটি প্রিয় গন্তব্যের জন্য বিশেষ ভাড়া ব্যবহারের সুবিধা।