দাপট দেখিয়ে ফাইনালে লড়ার আশা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪

ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। স্বস্তির হাওয়া বইছে বাংলাদেশ দলে। গতকাল পূর্ণ বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। ছুটির দিনে সাধারণত একাকী অনুশীলনে চলে যান মুশফিকুর রহিম। গত বুধবার রাতে ম্যাচ শেষে কোচ রাসেল ডমিঙ্গো নাকি মুশফিকসহ সবাইকে বলে দিয়েছেন, বৃহস্পতিবার কোনো অনুশীলন নয়।

গতকাল ছুটির দিনের দুপুরে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক গলফ খেলতে বের হয়েছেন। চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়ে চলা ত্রিদেশীয় সিরিজে ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশ দল এখন বেশ নির্ভার। আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে লড়বে সাকিব আল হাসানের দল।

তার আগে আগামীকাল চট্টগ্রামে লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আফগানদের সঙ্গে সাক্ষাত্ হবে আরেক দফা। ফাইনালের আগে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ।

চলতি মাসে কোনো ফরম্যাটেই রশিদ খানের দলের সঙ্গে পেরে উঠছে না বাংলাদেশ দল। টেস্টের পর টি-২০ তেও আফগানরা হারিয়েছে স্বাগতিকদের। বুধবার রাতে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া ৩৯ রানের জয়ে আত্মবিশ্বাস ফিরেছে টাইগার শিবিরে। বেশ দাপটেরই সঙ্গেই মাসাকাদজার দলকে হারিয়েছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ রিয়াদ বুধবার ম্যাচের পর বলেছেন, এই আত্মবিশ্বাস ও দাপট নিয়েই ফাইনালে যেতে চান তারা। তাই আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে দলগতভাবেও আধিপত্য ধরে রাখার আশা করছেন ।

এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ৪১ বলে ৬২ রানের (১ চার, ৫ ছয়) ইনিংসেই জিম্বাবুয়ের বিপক্ষে স্কোরবোর্ডে ১৭৫ রানের পুঁজি গড়তে পেরেছিল বাংলাদেশ। ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি।

কাল আফগানদের বিরুদ্ধে আধিপত্য ধরে রাখার বিষয়ে মাহমুদউল্লাহ বুধবার রাতে ম্যাচ শেষে বলেছিলেন, ‘আমার মনে হয় পরবর্তী ধাপ হলো—আমরা আজকে (বুধবার) যেভাবে আধিপত্য বজায় রেখেছিলাম, আমাদের লক্ষ্য হচ্ছে আফগানিস্তানের সঙ্গে আমরা আরো বেশি কীভাবে একই পারফরম্যান্স বা ভালো পারফরম্যান্স করে যেন ম্যাচটি জিততে পারি এবং ফাইনালের জন্য আরো বেশি আত্মবিশ্বাস পেতে পারি।’

জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া টানা দুটি জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগারদের। মাহমুদউল্লাহ বলেছেন, ‘আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। আজকে (বুধবার) যেভাবে জিতলাম। ফিল্ডিংয়ে যখন নামছিলাম সাকিবের সঙ্গে কথা হচ্ছিল, আমরা সম্ভবত ১০-১৫ রান কম করেছি। কারণ উইকেট অনেক ভালো ছিল। বোলাররা যেভাবে বোলিং করেছে, তখন ঐ সংগ্রহটাই অনেক বড়ো মনে হয়েছে।’

ফাইনালে উঠলেও লিগ পর্বের শেষ ম্যাচটা গুরুত্বপূর্ণ মনে করেন মাহমুদউল্লাহ। বুধবার ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি মনে করি পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু র?্যাংকিংয়ে আফগানিস্তান টিম আমাদের ওপরে আছে। আমরা সম্ভবত ১০ নাম্বারে। তো আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। তারা খুব ভালো দল। সেরা পারফরম্যান্স দিয়েই যেন ম্যাচটি জিততে পারি ঐ দিকটায় খেয়াল রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেন আত্মবিশ্বাসটা নিয়ে ফাইনালে যেতে পারি।’

আফগানদের কাছে হারের পর দল হিসেবে ছন্দে ফিরতে মরিয়া ছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ জানিয়েছেন, ‘আমার মনে হয় যে, সবার ভেতরেই সেই স্পৃহাটি ছিল যেটি আমি অনুভব করি। দলের ভেতরে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। ম্যানেজমেন্ট, কোচরা এসব বিষয় নিয়ে কথা বলেছে আমাদের সঙ্গে। সাকিব অনেক বেশি কথা বলছে, অনেক বেশি সম্পৃক্ত থাকছে। সবার ভেতরেই এই জিনিসটি ছিল।’