ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে জিম্বাবুয়ে। টানা তিন ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে আফ্রিকার দলটির। আজ নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আরেক বিদায়ের মঞ্চে হাজির হবে জিম্বাবুয়ে দল।
আফগানদের বিরুদ্ধে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ত্রিদেশীয় সিরিজের নিয়মরক্ষার ম্যাচ থেকেই ২২ গজকে বিদায় জানাবেন তিনি। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মাসাকাদজার। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন তিনি। টেস্টে তার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ডটা কেড়ে নিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। দেশটির সোনালি সময়ের ক্রিকেটের শেষভাগের প্রতিনিধি তিনি। গত ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছেন মাসাকাদজা। জিম্বাবুয়ের ক্রিকেটের অনেক উত্থান-পতনের প্রত্যক্ষ সাক্ষী এই ক্রিকেটার। কয়েক দফায় অধিনায়কের দায়িত্বে ছিলেন। ক্যারিয়ারের শেষ ম্যাচেও জিম্বাবুয়ের নেতৃত্বের ভার তার কাঁধেই রয়েছে।
গতকাল অনুশীলন করেনি জিম্বাবুয়ে দল। দুপুরে হোটেলের লবিতে দেখা যায় জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিসকে। মাসাকাদজার বিদায়কে জয়ের রঙে রাঙাতে চায় দলটি। আফগানদের হারিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করার ইচ্ছা জিম্বাবুয়ের।
গতকাল মাসাকাদজার বিদায় নিয়ে কাইল জার্ভিস বলেছেন, ‘অবশ্যই সুন্দর একটা বিদায়ের দাবিদার সে। দেশকে অনেক বছর সার্ভিস দিয়েছে। আমরা চেষ্টা করবে তাকে ভালোভাবে বিদায় জানাতে।’ ছোটো এই আলাপচারিতার পর রায়ান বার্লকে নিয়ে হোটেল থেকে বের হয়ে যান জার্ভিস। আজ শেষ ম্যাচে অবসরের দ্বারপ্রান্তে চলে আসা অধিনায়কের জন্য নিজেদের সেরাটা দিয়ে লড়বে জিম্বাবুয়ে দল।
জিম্বাবুয়ের হয়ে ৩৮ টেস্ট, ২০৯ ওয়ানডে ও ৬৫টি-২০ (গতকাল পর্যন্ত) ম্যাচ খেলেছেন মাসাকাদজা। ৩৬ বছর বয়সি এই টপঅর্ডার ব্যাটসম্যান টেস্ট ও ওয়ানডেতে পাঁচটি করে সেঞ্চুরি করেছেন। মিডিয়াম পেস বোলিংটাও দলের প্রয়োজনে করতেন তিনি। তিন ফরম্যাটে ৫৭ উইকেট রয়েছে মাসাকাদজার।
