কাতারে টিকে থাকার আশা কিশোরদের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বে বাংলাদেশ আজ ভুটানের মুখোমুখি হবে। কাতারের দোহায় আজ বাংলাদেশ জয়ের সম্ভাবনা দেখছে। রাত ১০টায় খেলা শুরু হবে। ই গ্রুপে বাংলাদেশ প্রথম খেলায় স্বাগতিক কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছে। একই দিন গ্রুপের প্রথম খেলায় ভুটান ১-১০ গোলে হেরেছে ইয়েমেনের বিপক্ষে। এই স্কোর লাইন বাংলাদেশের কিশোর ফুটবলারদের আজ ম্যাচ জয়ের হাতছানী দিচ্ছে। তারা মানসিক শক্তি পাচ্ছে কাতারের বিপক্ষে লড়াইয়ে। গত পরশু রাতে দোহায় বাংলাদেশের বিপক্ষে কাতার ম্যাচ জিতলেও সেই জয় খুব একটা সহজ ছিল না। বাংলাদেশের কিশোর ফুটবলারদের চেয়ে কাতার যে খুব একটা ভালো পারফরম্যান্স করেছে তাও বলা যাবে না। কাতারের বিপক্ষে বাংলার কিশোর তরুণ ফুটবলাররা শারীরিক সামর্থ্যে পিছিয়ে, শক্তিতে পিছিয়ে। কিন্তু টেকনিকে কাতারের কিশোরদের চেয়ে কোনো অংশে কম নয় বাংলাদেশের ফুটবলাররা। কাতার গোলের সুযোগ পাওয়ার আগেই বাংলাদেশ সুযোগ তৈরি করেছিল। কিন্তু নিজেদের দোষে যদি গোল করতে না পারে সেই দায়িত্ব নিজেদের কাঁধেই বর্তায়।

দোহায় বাংলাদেশের কিশোর ফুটবলারদের খেলা দেখতে ৫০০ দর্শক মাঠে গিয়েছিলেন। তারাও খুব উজ্জীবিত ছিলেন। জাতীয় পতাকা নিয়ে উত্সবমুখর পরিবেশ গড়ে তুলে ছিলেন দোহার অ্যাসপায়ার ডোম ইনডোর স্টেডিয়ামে। গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেননি ফরোয়ার্ড মইন। কাতারের গোলকিপারকে একা পেয়েও যদি সুযোগ কাজে লাগাতে না পারেন তাহলে কিই বা করার আছে। এমন নিশ্চিত গোল হতে বেঁচে যাওয়া কাতার কি কাজে লাগাবে না। পালটা আক্রমণ করে বাংলাদেশের গোল মুখে গোলকিপার মেহেদীকে ব্যস্ত করে তুলে ছিলেন। কাতারকে প্রথমার্ধ পর্যন্ত ঠেকিয়ে রেখে ছিলেন। কিন্তু কাতার অনেক অপেক্ষার গোল পায় খেলার ৫৮ মিনিটে। তারপরও বাংলাদেশের কিশোর ফুটবলাররা গোল শোধ করে খেলায় ফিরে আসার লড়াইয়ে নিজেদের উজাড় করে দিয়েছিলেন। শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে দ্বিতীয় গোল হজম করে ড্রয়ের সম্ভাবনাও শেষ হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের।

আজ যদি ভুটানকে হারাতে পারে তাহলে লড়াইয়ে টিকে থাকার সুযোগ আসবে। তবে প্রতি গ্রুপ হতে একটি করে দল পরবর্তী রাউন্ডে উঠবে। ঢাকা ছাড়ার আগে কিশোর ফুটবলারদের ইংলিশ কোচ রবার্ট মার্টিন কোনো আশার বাণী শুনিয়ে যাননি। তার কথা ছিল ভালো খেলতে চাই। বলেছিলেন যতটা ভালো খেলা যায়। এটা ফুটবল খেলা। জয় এসে যেতেও পারে।