সাবেক খেলোয়াড় ডি মারিয়াই তবে রিয়াল মাদ্রিদের হন্তারক হয়ে উঠলেন! তার জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। অপরদিকে দুই গোলে এগিয়ে গিয়েও ড্র নিয়ে ফিরতে বাধ্য হয়েছে জুভেন্তাস ও টটেনহ্যাম হটস্পার। এ দলগুলোর বিপর্যয়ের রাতে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ অবশ্য নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়েই শুরু করেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ।
পিএসজি নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে গত বুধবার রাতে ডি মারিয়ার জোড়া গোলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়েছিল । যোগ করা সময়ে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন থমাস মুনিয়ের। ফলে চলতি শতাব্দীতে চ্যাম্পিয়ন্স লিগে যুগ্মভাবে সবচেয়ে বাজে সূচনার কবলে পড়ে ১৩ বারের চ্যাম্পিয়নরা। এর আগে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে যথাক্রমে বেয়ার লেভারকুসেন ও অলিম্পিক লিওঁর কাছে একই ব্যবধানে ইউরোপীয় প্রতিযোগিতাটির শুরুর ম্যাচে হেরেছিল রিয়াল।
নেইমার, এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেদের মতো প্রথম সারির ফরোয়ার্ডদের ছাড়াই খেলতে নেমেছিল পিএসজি। দলীয় নৈপুণ্যের ফলেই তাদের অভাব পুষিয়ে রিয়ালকে হারানো সম্ভব হয়েছে বলে জানালেন পিএসজি কোচ থমাস টুখেল।
জার্মান এই কোচ বলেন, ‘এটা সত্যই দারুণ এক দলীয় পারফরমেন্স ছিল। বল পায়ে এবং বল ছাড়াও আমরা দারুণ খেলেছি। আমরা যখন নেইমার, এমবাপে, কাভানিদের ছাড়া খেলি তখন এটা দারুণভাবে সাহায্য করতে পারে। লোকজন বলে আমরা ফেভারিট নই এবং এটা চাপ সরিয়ে দেয়।’
টুখেল অবশ্য জানান দেন যে, এই ত্রয়ীকে ছাড়া মৌসুম কাটানো সম্ভব নয়। তিনি বলেন, ‘তাদের ছাড়া প্রতিটি ম্যাচ খেলা সম্ভব নয়। প্রত্যেকটা খেলোয়াড়কেই প্রয়োজন আমাদের।’
জুভেন্তাস রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে হুয়ান কুয়াদ্রাদো এবং ব্লেইস মাতুইদির গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ জয়ের পথে ছিল। কিন্তু ৭০ ও ৯০ মিনিটে স্টেফান স্যাভিচ ও হেক্টর হ্যারেরার লক্ষ্যভেদ সফরকারীদের পথ আগলে দাঁড়ায়। ফলে এক পয়েন্ট নিয়েই ম্যাচ শেষ করে তারা। গ্রিক দল অলিম্পিয়াকোসের মাঠে টটেনহ্যামও একই ভাগ্য বরণ করেছে। হ্যারি কেইন আর লুকাস মৌরার গোলে এগিয়ে গেলেও স্বাগতিক খেলোয়াড় ড্যানি পোডেন্স ও ম্যাথিউ ভ্যালবুয়েনার লক্ষ্যভেদের ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দলটির।
এসবের মধ্যেও জয়ী সূচনায় সমস্যা হয়নি বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির। নিজেদের মাঠে কিংসলে কোম্যান, রবার্ট লেভান্ডোভস্কি ও থমাস মুলারের গোলে রেডস্টারের বিপক্ষে জয় পেয়েছে বায়ার্ন। এদিকে রিয়াদ মাহরেজ, ইলকায় গুন্দোয়ান ও গ্যাব্রিয়েল জেসাসের গোলে শাখতারের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছেন ইংলিশ চ্যাম্পিয়ন সিটি।
