উল্লাপাড়ায় ব্রিজে ফাটল ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়ায় মহিষাখোলা কামারপাড়ায় রেল ব্রিজটির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। অথচ ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির দেওয়ালে ফাটল ধরেছে। রেল বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত ব্রিজটির নিচে লোহার অ্যাঙ্গেল, কাঠের স্লিপারের ঠেকনা (সিসিক্লিক) দেওয়া হয়েছে।

জানা গেছে, গত প্রায় এক মাস ধরে ২৯ নম্বর রেল ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। গত কয়েক দিনে ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ায় ট্রেনের গতি কমিয়ে ব্রিজটি পার হচ্ছে।

দায়িত্বরত রেল বিভাগের ওয়েম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, গত কয়েক দিনে এর কাজ করা হয়েছে। এরপর থেকে এ রেলপথে চলাচলকারী সবগুলো ট্রেন গতি কমিয়ে ব্রিজটি পার হচ্ছে। সেখানে ব্রিজটির দুই পাশে ট্রেনের গতিসীমা ২০ কিলোমিটার লেখা সাইন বোর্ড টানানো হয়েছে।

জানা গেছে, এ রেলপথে চব্বিশ ঘণ্টায় বিভিন্ন গন্তব্যের ১৪টি আন্তঃনগর ট্রেনসহ মালবাহী ট্রেন চলাচল করে।

রেলের সিরাজগঞ্জ প্রকৌশল বিভাগের সাব অ্যাসিস্টেন্ট ওয়ে কর্মকর্তা মো. পলাশ হোসেন জানান, ব্রিজটি পারাপারে ট্রেনের দুর্ঘটনা রোধে প্রাথমিকভাবে সিসিক্লিক (কাঠের ঠেকনা) ব্যবস্থা করা হয়েছে। ব্রিজটির নিচের পানি শুকিয়ে গেলে ক্ষতিগ্রস্ত ব্রিজটি মেরামত করা হবে।