সুগারমিল-আদর্শগ্রাম সড়ক

সড়ক যেন চাষ দেয়া জমি!

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের সুগারমিল পূর্ব আদর্শগ্রাম রাস্তাটি হঠাত্ কেউ দেখলে এটিকে চষা জমি মনে করবে। প্রায় দেড়শতাধিক পরিবার ১ কিলোমিটার সড়কের জন্য চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছে। এলাকাবাসী পূর্ব আদর্শগ্রাম সংযোগ সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে।

জানা যায়, পূর্ব আদর্শগ্রাম থেকে কাউখালী-সুগারমিল মূল সড়ক পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা সংযোগ সড়ক রয়েছে। সড়কের আশপাশে বসবাস করছে দেড়শতাধিক পরিবার। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে যায়। এছাড়া বৃষ্টির পানিতে পাহাড়ি মাটি রাস্তার ওপর এসে জমতে থাকে। ফলে এ রাস্তা দিয়ে গাড়িচলা তো দূরের কথা সাধারণ মানুষের হেঁটেচলাও কষ্টসাধ্য।

কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা জানান, পাকা সড়ক থেকে আধাকিলোমিটার রাস্তার জন্য চলতি অর্থবছরে প্রকল্প দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে রাস্তার কাজ শুরু হবে। ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম জানান, রাস্তাটি এইচবিবি করার জন্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। এরপরও কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে চলতি অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে রাস্তাটি এইচবিবি করে দেওয়া হবে এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রতিদিন স্কুলকলেজগামী স্থানীয় ছাত্রছাত্রীরা বেহাল এ রাস্তা দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে। স্থানীয় বাসিন্দা মাহফুজুর রহমান জানান, মাত্র ১ কিলোমিটার রাস্তার জন্য ১৫০ পরিবারের মানুষের যেন কষ্টের কোনো শেষ নেই। স্থানীয় বাসিন্দা আবুল হাসান জানান, রাস্তার দূরবস্থার কারণে পুরো বর্ষামৌসুমে ছেলেমেয়েদের স্কুলে যাওয়া কঠিন হয়ে যায়। ফলে বছর শেষে তাদের লেখাপড়ার মান অত্যন্ত খারাপ হয়ে পড়ে এবং অন্যদের তুলনায় অনেক পিছিয়ে পড়ছে আমাদের ছেলেমেয়েরা।

এলজিইডির কাউখালী উপজেলা প্রকৌশলী পরিতোষ চন্দ্র দে জানান, যেখানে দুই বছর কাউখালী-সুগারমিল মূলসড়কের বরাদ্দ নিতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে সেখানে সংযোগ সড়কের কাজ করা এখন সম্ভব নয়।