নোয়াখালী জেলার সোনাইমুড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গত বুধবার রাতে সংঘর্ষ হয়। সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ, কন্সটেবল জসিম উদ্দিনসহ ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে বিপ্লব (২৫) নামে একজন গুলিবদ্ধ হয়েছে। সংঘর্ষ চলাকালীন বাজারের পৌরসভার কাউন্সিলর জহিরুল ইসলাম ভুঁইয়ার কার্যালয় সহ ৭/৮টি দোকানের সাটার ভাঙচুর করা হয়। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এসময় প্রায় ২ ঘণ্টা সকল যান চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৬ জনকে আটক করে। বর্তমানে সোনাইমুড়ি বাজারে সহস্রাধিক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ভীতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবু সায়েদ ও সামসুল আলম গ্রুপকে নিয়ে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে যাওয়ার পথে দু’গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উপজেলা স্বেচ্ছসেবক লীগের আহ্বায়ক আবু সায়েম (৪৮)-সহ আরো দু’জন আহত হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমদাদ হোসেন জানান, এলাকায় পুলিশ টহল চলছে। সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
