পটুয়াখালীর বাউফল উপজেলার ঢাকা-কালাইয়া নৌ-রুটের যাত্রীবাহী এমভি জাহিদ -৩ লঞ্চকে এমভি দুলিয়া-১ নামে অপর এক লঞ্চ ধাক্কা দিলে কমপক্ষে পাঁচজন আহত হন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। মঙ্গলবার বিকালে উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এ ব্যাপারে।
জানা গেছে, দশমিনা ও বাউফলসহ কয়েকটি উপজেলার কয়েক শতাধিক যাত্রী নিয়ে ঘটনার দিন বাউফল উপজেলার কালাইয়া ঘাট থেকে এমভি জাহিদ-৩ লঞ্চটি যাত্রা শুরু করে। লঞ্চটি নুরাইনপুর ঘাটে পৌঁছালে একই রুটের এমভি দুলিয়া-১ লঞ্চটি ইচ্ছাকৃতভাবে আঘাত করে। এতে পুরো লঞ্চে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত হন মো. শাহজাহান ও মো. রফিকুল ইসলামসহ পাঁচজন যাত্রী। ধাক্কার কারণে পুরো লঞ্চটির এক-তৃতীয়াংশ অকেজো হয়ে যায়। টয়লেট ও নিচতলার পিলারসহ বিভিন্ন অংশের ক্ষতি হয়। এ ঘটনায় বুধবার লঞ্চ কর্তৃপক্ষ বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অপরদিকে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করেছেন ক্ষতিগ্রস্ত লঞ্চ কর্তৃপক্ষ।
বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তিনি মিটিংয়ে আছেন। থানায় গিয়ে বলতে পারবেন মামলা বা অভিযোগ দেওয়া হয়েছে কিনা।
