পিরোজপুর বিআরটিএ অফিসের মাধ্যমে গত আড়াই মাসে দেশের বিভিন্ন স্থানের তিন শতাধিক ভুয়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের ঘটনা উদ্ঘাটন হয়েছে। পিরোজপুরের গোয়েন্দা পুলিশ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্রের সদস্যকে বৃহস্পতিবার আটক করেছে। আটক বিআরটিএর দালাল মারুফ আকন পিরোজপুর শহরতলীর বাসিন্দা মৃত মফিজ উদ্দিন আকনের ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, কক্সবাজার, মহেশখালীসহ চট্টগ্রাম এলাকা এবং টাঙ্গাইল, শেরপুর, সাভারসহ বৃহত্তর ঢাকার তিন শতাধিক ব্যক্তিকে গত আড়াই মাসে বিআরটিএর পিরোজপুর অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়েছে কোনো কাগজপত্র ছাড়াই। সম্প্রতি পিরোজপুর বিআরটিএ অফিসে ফিঙ্গার প্রিন্ট মেশিন বসানোর পর এ প্রতিষ্ঠানের ঢাকা, বরিশাল ও পিরোজপুরে কর্মরত কিছু ব্যক্তি এ ভুয়া লাইসেন্স প্রদানের একটি সিন্ডিকেট তৈরি করে।
ইতিপূর্বে বিআরটিএ পিরোজপুর অফিসের মাধ্যমে জেলার বাইরে বিশেষত বৃহত্তর চট্টগ্রাম ও বৃহত্তর ঢাকা থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে আসা ৩০ থেকে ৩২ জন ব্যক্তিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেয়। এ ঘটনার পর থেকে অনুসন্ধান শুরু হলে পিরোজপুরে স্থাপিত পুলিশের অভিযোগ বাক্সে স্থানীয় সংক্ষুব্ধ এক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে মারুফ আকনকে বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।
