ইন্দোনেশিয়ার জঙ্গলে দাবানলে গোটা এলাকায় দূষণ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় মালয়েশিয়া দেশব্যাপী ১ হাজারেরও বেশি স্কুল বন্ধ ঘোষণা করেছে।
ইন্দোনেশিয়ায় কৃষি আবাদের জন্য জমি তৈরিতে অবৈধভাবে বনে আগুন লাগানোর পর তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সুমাত্রা ও বোর্নিও দ্বীপগুলোতে দাবানল ছড়িয়ে পড়েছে। জাকার্তা আগুন নেভাতে কয়েক হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে এবং বিমান থেকে পানি ছিটানো হচ্ছে। প্রতি বছর ইন্দোনেশিয়ায় দাবানল সৃষ্টি হয়, তবে ২০১৫ সালের পরে এ বছর সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি পরিবেশগত গুরুতর সংকট তৈরি করেছে। বিশ্বব্যাপী দাবানলের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আরো বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এদিকে মালয়েশিয়ার পশ্চিম উপকূলে বায়ুদূষণ সূচকে দূষণের মাত্রা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। সুমাত্রার পূর্ব থেকে কুয়ালালামপুরের আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। গোটা দেশে বায়ুদূষণের কারণে ১ হাজার ২০০রও বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি দূষণ হয়েছে কুয়ালালামপুরের বাইরে সিলাংগোর স্টেটে। সেখানে ৫৫৮টি এবং সারাওয়াকে ৩৩৭টি স্কুল বন্ধ করেছে কর্তৃপক্ষ।
