তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আমলে খালেদা জিয়ার নেতৃত্বে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। তিনি নিজেও কালোটাকা সাদা করেছেন। তার অর্থমন্ত্রী সাইফুর রহমানও কালোটাকা সাদা করেছেন। হাওয়া ভবন নির্মাণ করে যে কোনো ধরনের কাজে ১০ শতাংশ কমিশন বাণিজ্য করেছেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত দুটি বইয়ের প্রকাশনা উত্সবে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। যেখানেই দুর্নীতি, অনিয়ম এবং অনাচার পাওয়া যাচ্ছে, সেখানেই দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।
অধ্যাপক ড. আব্দুল মান্নান রচিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী’ এবং নুর উন নাহার মেরি রচিত ‘আমার চেতনায় বিশ্বনেতা বঙ্গবন্ধু’ বইয়ের এই মোড়ক উন্মোচন ও প্রকাশনা উত্সবের আয়োজন করে অমর প্রকাশনী। এতে আলোচনা করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মান্নান চৌধুরী, জাগো নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর উন নাহার মেরি, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন প্রমুখ। প্রকাশনা উত্সব ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
