টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা ডাকাত নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৫

আটক তিন রোহিঙ্গাকে নিয়ে অবৈধ অস্ত্র এবং চোরাইপণ্য উদ্ধার অভিযানে গেলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যায়।  ডাকাতি, অপহরণ ও  মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে উখিয়া উপজেলার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৭৯ নম্বর ব্লকের বাসিন্দা ফজল আহমদের ছেলে মো. জামিল (২০), নবী হোসেনের ছেলে মো. আছমত উল্লাহ (২১) এবং টেকনাফ বাহারছড়া নতুনপাড়ার মৃত মো. আলীর ছেলে মো. রফিককে (২৪) নিয়ে পুলিশ শামলাপুর ঢালায় অবৈধ অস্ত্র ও লুট করা চোরাইপণ্য উদ্ধারে যায়। এ সময় রোহিঙ্গাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল রাকিবুল ও দেলোয়ার গুরুতর আহত হয়।

পুলিশ বেশ কয়েক রাউন্ড পালটা গুলিবর্ষণ করলে অস্ত্রধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে তিনটি এলজি, ছয় রাউন্ড তাজা বুলেট ও আট রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়। একইসঙ্গে  গুলিবিদ্ধ তিন রোহিঙ্গাকে উদ্ধার করে চিকিত্সার জন্য টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে  নেওয়া হলে সেখানে তারা মারা যায়। এ ব্যাপারে মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ধৃত রোহিঙ্গা অপরাধীদের স্বীকারোক্তিতে পাহাড়ি ঢালায় অবৈধ অস্ত্র ও চোরাইপণ্য উদ্ধার অভিযানে গেলে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।