যশোরের শার্শায় গৃহবধূ গণধর্ষণ মামলায় আটক তিন আসামির দ্বিতীয় দফা রিমান্ড বৃহস্পতিবার শেষ হয়েছে। রিমান্ডের প্রথমদিন বুধবার তিন জনের মধ্যে আসামি আব্দুল লতিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন জবানবন্দি গ্রহণ শেষে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
গত ২ সেপ্টেম্বর গণধর্ষণের শিকার হন শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের ঐ গৃহবধূ। পরদিন তিনি যশোরে সাংবাদিকদের কাছে এসআই খায়রুল আলমসহ দুই জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পরে এ ঘটনায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো এক জনকে আসামি দিয়ে মামলা করা হয়।
গত মঙ্গলবার তিন আসামিকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেন তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)র পরিদর্শক মোনায়েম হোসেন। আসামিরা হলেন—শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল কাদের, আব্দুল মাজেদের ছেলে আব্দুল লতিফ ও চটকাপেতা গ্রামের মৃত হামিজ উদ্দিনের ছেলে কামরুজ্জামান কামারুল। এদের মধ্যে আব্দুল লতিফ বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
