ডেঙ্গু রোগীর সংখ্যা ৪০০-র ঘরে নেমেছে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫১

হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা কমে ৪০০-র ঘরে এসেছে, যা গত দেড় মাসের মধ্যে সবচেয়ে কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুম গতকাল বৃহস্পতিবার দুপুরে জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৪৯১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে যান ৫৩৬ জন।

এ বছর বর্ষার শুরুতে জুন মাসে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ক্রমশ মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। জুলাইয়ের শেষ সপ্তাহে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাজারের ঘরে ছিল, যা পরের সপ্তাহে ২ হাজার ছাড়ায়। এরপর ডেঙ্গুর প্রকোপ চলতে থাকে, যা কমতে শুরু করেছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩৩২ জন।

বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ২২৬ জন রোগী ভর্তি আছে বলে এতে জানানো হয়েছে। এদের মধ্যে ঢাকায় ভর্তি রয়েছে ৯০৩ জন এবং ঢাকার বাইরে আছে ১ হাজার ৩২৩ জন। এখন অবধি সারা দেশে ৮৩ হাজার ৪৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।