ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ডে ওভারব্রিজ না থাকায় রাস্তা পারাপার হতে গিয়ে প্রতিদিন সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। সাইনবোর্ডের সড়কটি চার লেনের মোড়। এই সড়কটি দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট রোডের শত শত গাড়ি আসা-যাওয়া করে প্রতিদিন।
উক্ত সড়কটির আশেপাশে দেড় থেকে দুই লক্ষাধিক মানুষের বসবাস। প্রতিদিন এক লক্ষাধিক মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। বেশির ভাগ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকুরীজীদের ব্যবহার করতে হয় সকড়টি।
সড়কের ওপরে ওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে তাদের। পারাপার হতে গিয়ে প্রতিদিন সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হয় এখানকার বাসিন্দাদের। প্রতিমাসে সাইনবোর্ডের রাস্তা দিয়ে পারাপার হতে গিয়ে ৫ থেকে ৬ জন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হন এবং অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন।
ওভারব্রিজ না থাকায় হিমশিম খেতে হচ্ছে সাইনবোর্ডের ট্রাফিক পুলিশ সদস্যদের। তারাও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়ে যানজট নিরসনের কাজ করছেন। অনেক পথচারাী আবার ট্রাফিক পুলিশের সহযোগীতায় রাস্তা পারাপার হচ্ছেন।
সাইনবোর্ডের বাসিন্দারা বলেন, সাইনবোর্ড মহাসড়কটি এখন মৃত্যুফাঁদ। ওভারব্রিজ না থাকায় প্রতিদিন রাস্তা পারাপার হতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছেন এবং হারাচ্ছেন। দ্রুত যদি ওভারব্রিজের ব্যবস্থা না করা হয় তাহলে এই সড়কে আরও দুর্ঘটনা ঘটবে।
সাইনবোর্ডের ট্রাফিক পুলিশবক্সের টিআই জিয়াউল করিম বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে লক্ষাধিক লোকের যাতায়াত। রাস্তা পার হতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। পথচারীদের অনেক সময় ট্রাফিক পুলিশ সদস্যরা নিরাপদে রাস্তা পার করে দিচ্ছেন। তবে সাইনবোর্ডে একটি ওভারব্রিজ খুব জরুরী। ওভারব্রিজ হয়ে গেলে সড়কে দুর্ঘটনার হার অনেক কমে যাবে।
আরও পড়ুন: বছর না ঘুরতেই মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ ভবনে ফাটল
উক্ত বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
ইত্তেফাক/নূহু
