বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শিশুদের অংশগ্রহণে বাংলাদেশের সর্ববৃহত্ নাট্য ও সাংস্কৃতিক উত্সব ‘চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উত্সব-২০১৯’। ৬৪ জেলার সাংস্কৃতিক দল এবং ৯৪টি শিশু নাট্য সংগঠনের ১০ হাজারেও বেশি শিশুর অংশগ্রহণে গতকাল থেকে শুরু হওয়া এই উত্সব চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। উত্সবে ৯৫টি শিশু নাট্যদলের পরিবেশনা উপস্থাপিত হবে। একাডেমির জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রশালা, জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন এবং একাডেমি প্রাঙ্গণসহ ৮টি ভেন্যুতে ৯টি জেলার ৮৫টি পরিবেশনা থাকছে।
গতকাল বিকেল ৪টায় ছিল উদ্বোধনী আয়োজন। এতে ছিল আনন্দ র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি, শিল্পী মুস্তাফা মনোয়ার, আইটিআই বিশ্ব কেন্দ্রের সভাপতি রামেন্দু মজুমদার এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকী।
