পোকা দমনে আলোক ফাঁদ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৩

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

আমন খেতে পোকামাকড়ের ক্ষতির হাত থেকে রক্ষায় কীটনাশকের ব্যবহারের পরিবর্তে নীলফামারীর ডোমার উপজেলার কৃষকদের আলোক ফাঁদ ব্যবহারে উত্সাহিত করছে কৃষি বিভাগ। আলোক ফাঁদ ব্যবহারে ক্ষতিকর শত্রু পোকা ও উপকারী বন্ধু পোকাও নির্ণয় করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতের অন্ধকারে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী লালার খামার গ্রামের কৃষক আলতাফ হোসেনের রোপা আমন ধান খেতে আলোক ফাঁদ স্থাপন করে কৃষি বিভাগ। এ সময় কৃষক আলতাফ হোসেন, জহুরুল ইসলাম, তোবারক, পুলেন, সাদ্দাম, ছোটন, নিশান, রেজাউলসহ প্রায় অর্ধ শতাধিক কৃষক আলোক ফাঁদ প্রদর্শনী উপভোগ করে।

উপস্থিত কৃষকরা জানান, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা নিধনে কোনো খরচ নেই এবং কীটনাশক ব্যবহার না করায় খেতেরও কোনো ক্ষতি হবে না। এজন্য তাদের ধান খেতেও তারা আলোক ফাঁদ ব্যবহার করবে বলে জানায়। ডোমার কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর ইকবাল জানান, এবারে উপজেলায় ১৮ হাজার ৮২২ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশা করছি। পোকামাকড়ের ক্ষতির হাত থেকে ফসল রক্ষায় পোকা দমনে কীটনাশকের ব্যবহার কমাতে পরিবেশবান্ধব আলোক ফাঁদ স্থাপনে কৃষকদের উদ্বুদ্ধকরণে ডোমার কৃষি সম্প্রসারণ বিভাগ কাজ করে যাচ্ছে।