কুমিল্লা থেকে অপহূত প্রবাসী ঢাকায় উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা থেকে মো. ইয়াছিন ওরফে সোহাগ নামের এক প্রবাসীকে অপহরণের সাত দিন পর বৃহস্পতিবার রাতে ঢাকার শ্যামপুর থানার পোস্তাগোলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণচক্র ওই যুবককে নির্যাতনের ভিডিও তার মায়ের মোবাইলে পাঠিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া ইয়াছিন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকাড়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। গত ১২ সেপ্টেম্বর তাকে কুমিল্লা থেকে কৌশলে অপহরণ করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত্ হোসেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভিকটিম ইয়াছিন ওরফে সোহাগ (৩০) সম্প্রতি সৌদি আরব থেকে দেশে আসেন। গত ১৬ সেপ্টেম্বর দুপুরে সোহাগের মোবাইল থেকে কয়েকটি ছবি ও দুটি মোবাইল নম্বর তার মায়ের মোবাইলে ইমোর মাধ্যমে পাঠানো হয়। এরপর সোহাগের পরিবারের লোকজন ওই মোবাইলে কথা বলে জানতে পারে, সোহাগকে তার বন্ধু সুমন ও অজ্ঞাতনামা দুই-তিন জন বন্ধুসহ তাকে আটক করে রেখেছে। এ ব্যাপারে সোহাগের ভাই সুজন মিয়া ওইদিন ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেন। এ সময় তারা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বৃহস্পতিবার রাতে ঢাকার শ্যামপুর থানা পুলিশের সহায়তায় পোস্তাগোলা ব্রিজের কাছ থেকে আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে কুমিল্লা নিয়ে আসা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত্ হোসেন জানান, সোহাগকে তার বন্ধু সুমনসহ একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র পরিকল্পিতভাবে অপহরণের পর আটকে রেখে হাত-পা বেঁধে নির্যাতনের ভিডিও তার মায়ের মোবাইলে পাঠায়। ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।