সিলেট চেম্বারের নির্বাচন আজ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

ভোটার ২ হাজার ৪৬৫ জন, ব্যবসায়ী সমাজে ব্যাপক উত্সাহ উদ্দীপনা

 হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস

‘দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর দ্বিবার্ষিক নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহু প্রতীক্ষিত এ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের ব্যবসায়ী সমাজে ব্যাপক উত্সাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ধোপাদীঘিরপাড়য়ের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ভোটকেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ঐ দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এ নির্বাচনে ভোটার সংখ্যা সর্বমোট ২ হাজার ৪৬৫ জন। এর মধ্যে অর্ডিনারি ১ হাজার ৪১৩ জন, অ্যাসোসিয়েট ১ হাজার ৪০ জন, ট্রেড গ্রুপ ১১ জন ও টাউন অ্যাসোসিয়েশন এক জন। এ বছর পরিচালনা পরিষদের ২২টি পদে সর্বমোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ২৪ জন, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ১০ জন এবং ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ছয় জন প্রার্থী রয়েছেন। চেম্বারের ২ হাজার ৪৫৬ জন ভোটার চার ক্যাটাগরির বিভিন্ন পদে সর্বমোট ২২ জন পরিচালককে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করবেন।

এদিকে চেম্বার নির্বাচনে দুইটি প্যানেলে বিভক্ত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, জাল ভোট ও পারিবারিক বলয় সৃষ্টির বিতর্কও রয়েছে এই নির্বাচনে। প্রচারণার ক্ষেত্রে সিলেট ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’—দুইটি প্যানেলে বিভক্ত প্রার্থীরা একে অন্যের সমালোচনাও জমে উঠে। তবে নির্বাচনে দুইটি প্যানেলই নতুনদের প্রাধান্য বেশি। এদিকে, সিলেট চেম্বারের ২০১৯-২১ সাল মেয়াদের দ্বি-বার্ষিক এ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের সঙ্গে প্রস্তুতিমূলক সভাও করেছে নির্বাচন বোর্ড। বৃহস্পতিবার রাতে চেম্বার কনফারেন্স হলে এ প্রস্তুতি সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ভোটগ্রহণের পদ্ধতি, ভোট গণনা ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।