নেত্রকোনায় ১ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে আমন চাষ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

নেত্রকোনা প্রতিনিধি

চলতি আমন মৌসুমে নেত্রকোনা জেলায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৫ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত আমন আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবং ভাদ্র মাসের শেষদিকে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এখন আমন জমি যেন সবুজ কার্পেট। ধানের জমিতে এখন বাতাস শুধু ঢেউ খেলছে।  নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় আমন আবাদ লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার ১৩৯ হেক্টর। আবাদ হয়েছে ১ লাখ ৩০ হাজার হেক্টর জমি। এবার বন্যায় নেত্রকোনায় আমনের তেমন কোনো ক্ষতি হয়নি। পরবর্তী সময়ে কৃষকরা রাতদিন আমন আবাদ শুরু করে এবং নিচু জমি পর্যন্ত  আমনের আবাদ করেন।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কৃষকরা আমন আবাদ করেছে। তারা তাদের কোনো জমিই বাদ রাখেননি। আর এ কারণে আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। মদনপুরের কৃষক সুজাদুল ফারাস বলেন, আবহাওয়া অনুকূল থাকায় তারা আমন আবাদ করতে পেরেছেন এবং এখন শুধু কয়দিন একটানা রোদ হলেই আমনের চারাগুলো তরতর করে বড়ো হয়ে শিষ বের হবে।