বড়াল নদী থেকে চার লাশ উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদী থেকে চার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্লুইসগেট এলাকায় মরদেহগুলো প্রথমে স্থানীয়রা ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। এদিকে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মরদেহগুলো উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এ ধারণা থেকে উজানের জেলা বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাদের জেলার কোনো ব্যক্তি নিখোঁজ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ড জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে স্লুইসগেট এলাকা থেকে চারটি মরদেহ উদ্ধার করে। সেখানে তিনটি মরদেহ কচুরিপানায় ঢাকা ছিল। একটি মরদেহ স্লুইসগেটের ভেতরে আটকে ছিল। চারটি লাশের ২টি পুরুষ, ২টি নারী বলে জানা গেছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে।