সাগরে ডুবন্ত জাহাজের সিলিকন ভর্তি ১২ ড্রাম উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

পায়রা সমুদ্র বন্দরে ডুবন্ত জাহাজ এম ভি গলফ আরগোর ভেসে যাওয়া সিলিকন ভর্তি ১২টি ড্রাম গলাচিপায় উদ্ধার হয়েছে। পায়রা সমুদ্র বন্দর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়া জাহাজ এমভি গলফ আরগোর ১৫২টি কন্টেইনার ভেসে যায় সমুদ্রে। এসব কন্টেইনারে থাকা বিভিন্ন মালামালের মধ্যে সিলিকনের ১২টি ড্রাম গলাচিপার জেলেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

গলাচিপা থানা পুলিশ খবর পেয়ে উদ্ধার করা ড্রামগুলো শুক্রবার স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখে।

গলাচিপা থানা পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, গত সোমবার গলাচিপা রতনদিতালতলী ইউনিয়নের টাট্টিবুনিয়া গ্রামের  জেলে মো. আমিন হাওলাদারের ট্রলার নিয়ে ইলিশ শিকারে বঙ্গোপসাগরে যান। ফেরার পথে সাগরের পানিতে অসংখ্য ড্রাম ও কসমেটিকসসহ বিভিন্ন দ্রব্য ভাসতে দেখেন। এ সময় জেলেরা তেল বোঝাই ড্রাম ভেবে ১২টি সিলিকনের ড্রাম ট্রলারে করে নিয়ে আসেন।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোরশেদ বলেন, পায়রা সমুদ্র বন্দরে ডুবে যাওয়া এম ভি গলফ আরগো কারগো থেকে ভেসে যাওয়া ১২টি ড্রাম (যার প্রতিটিতে ২০০ কেজি করে সিলিকন রয়েছে) জব্দ করা হয়েছে। শুক্রবার পুলিশ ড্রামগুলো স্থানীয় চৌকিদার মাইনউদ্দিনের জিম্মায় রাখে।