শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে পাইকগাছায়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

অবশেষে পাইকগাছায় নির্মিত হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। প্রস্তাবিত স্টেডিয়ামের নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন ইউএনও জুলিয়া সুকায়না।

তিনি শুক্রবার গদাইপুর ইউনিয়নের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সংলগ্ন প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন।

এ সময় ইউএনও বলেন, এই এলাকায় খেলাধুলার অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও কোনো স্টেডিয়াম না থাকায় খেলাধুলার মান বাড়ছে না এবং আশানুরূপ খেলোয়াড় তৈরি হচ্ছে না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় তিন একর জায়গার ওপর প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হলে এলাকায় মান বৃদ্ধিসহ খেলাধুলা কয়েকগুণ বৃদ্ধি পাবে। তৈরি হবে জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন খেলোয়াড়।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক কামাল উদ্দীন মোল্লা, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, সার্ভেয়ার সাকিরুল ইসলাম ও পাইকগাছা প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল আজিজ।