মাগুরা প্রতিনিধি
উত্সাহ-উদ্দীপনার সঙ্গে মাগুরায় এবছর ৬৬০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি চলছে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ চলছে। প্রতিমা নির্মাণ শিল্পীদের এক মুহূর্ত বসার সময় নেই।
জানা গেছে, আগামী ৪ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী দুর্গাপূজা শুরু হবে। জেলায় ৬৬০টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা শহরের থানাপাড়া, জামরুলতলা, তাঁতিপাড়া, দড়ি মাগুরা বটতলা, নিজন্দুয়ালী কালী বটতলা, নতুন বাজার স্মৃতিসংঘ, কর্মকারপাড়া, চরপাড়া, বৈদ্যবাড়ী, শিবরামপুর, পারনান্দুয়ালী মিস্ত্রিপাড়া, সাতদোহা আশ্রম প্রভৃতি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
থানাপাড়া পূজা মণ্ডপের প্রতিমা শিল্পী অনিল পাল জানান, তিনি এবছর সাতটি প্রতিমা তৈরি করছেন। মাটির কাজ শেষের পথে কয়েক দিনের মধ্যে রঙের কাজ শুরু হবে।
শহরের প্রাণকেন্দ্রে থানাপাড়া পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট রতন কুমার মিত্র জানান, ৬১ বছর ধরে থানাপাড়ায় পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারও প্রতিমা তৈরির কাজ চলছে। সবাইকে পূজা অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাচ্ছি।
