স্পোর্টস রিপোর্টার
অনেক আলোচনার জন্ম দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ শুরু করার পুরস্কার পেলেন জোফরা আর্চার। আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে না করতেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে গেছেন এই তরুণ বোলার। ররি বার্নস ও জো ডেনলিও দুই ধরনের কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন। অন্যদিকে মঈন আলী টেস্ট চুক্তি থেকে বাদ পড়েছেন।
মূলত বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে দৃষ্টি আকর্ষণ করেছিলেন বারবাডোজে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা আর্চার। তবে ইংল্যান্ডের হয়ে খেলার জন্য কয়েক বছর আগেই এই দেশটিতে স্থায়ী হয়েছেন তিনি। গত মে মাসে তার ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়। এরপর দূরন্ত পারফরম্যান্সের কারণে শেষ সময়ে দল বদল করে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয় তাকে। বিশ্বকাপে ছিলেন অন্যতম সেরা বোলার। এরপর অ্যাশেজে ২২ উইকেট নিয়ে দলকে সিরিজ ড্র করানোয় অন্যতম ভূমিকা রাখেন। ইতিমধ্যে তিন ফরম্যাটেই নিজেকে স্থায়ী করে ফেলেছেন।
ররি বার্নস ও জো ডেনলিও নতুন করে দুই ফরম্যাটে ঠাঁই পেয়েছেন। ডেনলি বিশ্বকাপ মিস করলেও অ্যাশেজে ভালো করেছেন। এই গ্রীষ্মে ইংল্যান্ডের এক নম্বর স্পিনার হয়ে ওঠা জ্যাক লিচ টেস্ট চুক্তিতে এসেছেন। পাশাপাশি স্যাম কুরানও এসেছেন চুক্তিতে।
অনিশ্চয়তায় পড়ে গেছে মঈন আলী ও আদিল রশীদের টেস্ট ভবিষ্যত্। এই দুজনকেই কেবল সাদা বলের ক্রিকেটের চুক্তিতে রাখা হয়েছে। সর্বশেষ চুক্তিতে দুজনই সব ফরম্যাটে ছিলেন। অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট ও ডেভিড উইলি সব ধরনের চুক্তি থেকে বাদ পড়েছেন।
