স্পোর্টস রিপোর্টার
শ্রীলঙ্কার তরুণ স্পিনার আকিলা ধনঞ্জয়াকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এই শাস্তি পেয়েছেন তিনি।
কোনো বোলার দুই বছর সময়কালের মধ্যে দুই বার রিপোর্টেড হলে এবং পরীক্ষায় উত্রাতে না পারলে তিনি এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন। আইসিসির এই আইন অনুযায়ী নিষিদ্ধ হয়েছেন ধনঞ্জয়া। তবে তিনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অনুমতিক্রমে নিজেকে শোধরানোর অংশ হিসেবে ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন।
ধনঞ্জয়া সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে সন্দেহভাজন বোলিং করেন বলে রিপোর্টেড হয়েছিলেন। গত ১০ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রিপোর্টেড হলেন তিনি। এরপর আগস্টের ২৯ তারিখ চেন্নাইতে তিনি স্বতন্ত্র গবেষণাগারে পরীক্ষা দেন। যে পরীক্ষায় প্রমাণিত হয়, তার বোলিং অ্যাকশন অবৈধ।
আইসিসি তার বিবৃতিতে লিখেছেন, ‘যেহেতু সাম্প্রতিক এই রিপোর্টটি এই খেলোয়াড়ের দুই বছরের মধ্যে দ্বিতীয় রিপোর্ট, প্রথম রিপোর্টেও তিনি নিষিদ্ধ হয়েছিলেন, তাই তিনি অটোমেটিক্যালি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ থাকবেন। ধনঞ্জয়ার অবশ্য আইসিসির কাছে এই ১২ মাস অতিক্রান্ত হওয়ার পর নিজের বোলিং অ্যাকশন পুনর্বিবেচনা করার অধিকার থাকবে।’
২০১৮ সালের নভেম্বরে প্রথমবারের মতো রিপোর্টেড হয়েছিলেন ধনঞ্জয়া। এরপর তিনি নিজের সংশোধনে কাজ করেন। তারপর এই বছরের প্রথম থেকে বোলিং শুরু করেন।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ওয়ানডে ক্রিকেটে আর সেভাবে কার্যকর ছিলেন না বলে বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এরপর টেস্ট খেলা দিয়ে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। গল টেস্ট ছিল তার ফেরার পর প্রথম ম্যাচ। এই ম্যাচের প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নিয়েছিলেন। এরপর দ্বিতীয় টেস্টে আর অংশ নেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতে ৬ উইকেট তুলে নেন। তিনি ছিলেন সিরিজের দ্বিতীয় সফলতম বোলার।
শ্রীলঙ্কা আসছে কিছুদিনে এশিয়াতেই ৫টি টেস্ট খেলবে। এই সময়ে ধনঞ্জয়ার নিষেধাজ্ঞা তাদের জন্য ধাক্কা হয়ে দাঁড়াবে।
