বাংলাদেশ কাপ আর্চারি
স্পোর্টস রিপোর্টার
বৈশ্বিক আর মহাদেশীয় সাফল্যের পর দেশীয় টুর্নামেন্টে আর্চার রোমান সানার জেতাটা অনুমিতই ছিল। তবে মাঠে সেটাকে দেখানোর দায় ছিল? তাতে তিনি উতরে গেছেন দারুণভাবেই। বাংলাদেশ কাপ আর্চারির পুরুষ রিকার্ভ এককে ফাইনালে তীরন্দাজ সংসদের মোহাম্মদ সাকিবকে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের এই আর্চার।
রোমান সানা গতকাল শুক্রবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ব্যক্তিগত পুরুষ রিকার্ভ ফাইনালের আগে কোনো সেট পয়েন্ট হারেননি। ফেডারেশন সাধারণ সম্পাদক রাজিবউদ্দীন আহমেদ চপল তাই ঘোষণা করেন, সানাকে যে কোনো বিভাগে হারাতে পারলে থাকছে আর্থিক পুরস্কার। এমন অনুপ্রেরণাই হয়তো সানার প্রতিদ্বন্দ্ব্বী সাকিবের দুটো সেট পয়েন্ট জেতায় নিয়ামক হিসেবে কাজ করেছিল। এছাড়া ফাইনালের বাকিটা সময়ে দারুণ প্রতাপ ধরে রেখে স্বর্ণজয় নিশ্চিত করেন সানা?
বিশ্বকাপ আর্চারিতে ব্রোঞ্জ জিতে প্রথম বাংলাদেশি আর্চার হিসেবে অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছেন। জিতেছেন এশিয়া কাপ আর্চারির সোনাও। এতসব সাফল্যের পরও দেশীয় প্রতিযোগিতার পদক একটুও আবেদন হারায়নি সানার কাছে।
ব্যক্তিগত পুরুষ রিকার্ভের স্বর্ণপদক জয়ের পর সানা বলেন, ‘যে কোনো টুর্নামেন্টেই পদক জিততে ভালোবাসি। সেটা সোনা হোক, রুপা হোক কিংবা ব্রোঞ্জ। কোনো পদকই আমার কাছে ছোটো নয়।’
এদিকে রোমান সানার কাছে হেরে রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকা সাকিব মনোক্ষুণ্ন নন মোটেও। তীরন্দাজ সংসদের এই আর্চারের ভাষ্য, ‘রোমান ভাইয়ের বিপরীতে খেলতে পেরেছি এটাই বড়ো পাওয়া। আজকের এই ফাইনালে অনেক কিছু শিখতে পেরেছি। রোমান ভাইয়ের কৌশলগুলো আরো কাছ থেকে দেখে শেখার চেষ্টা করেছি।’
বিভাগটির ব্রোঞ্জ ফাইনালে বিকেএসপির হাকিম আহমেদ রুবেল সতীর্থ প্রদীপ্ত চাকমাকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে পদক জেতেন?
এছাড়া প্রতিযোগিতার নারী রিকার্ভে স্বর্ণ জিতেছেন আর্মি আর্চারি ক্লাবের মেহনাজ আক্তার মুনিরা তীরন্দাজ সংসদের ইতি খাতুনকে ৬-৪ গেমে হারিয়ে স্বর্ণ জেতেন। ব্যক্তিগত কম্পাউন্ডের পুরুষ ও নারী বিভাগে স্বর্ণপদক জেতেন যথাক্রমে সিয়াম সিদ্দিকী ও সুস্মিতা বনিক?
রিকার্ভ দলগত ইভেন্টে ছিল বিকেএসপিরই জয়জয়কার। পুরুষ ও নারী বিভাগের স্বর্ণ জেতে দলটি। মিশ্র দলগত বিভাগে স্বর্ণ জেতে আর্মি আর্চারি ক্লাব। কম্পাউন্ড পুরুষ ও মিশ্র দলগত ইভেন্টে সোনা জেতে বাংলাদেশ আনসার এবং নারী ইভেন্টে জয়ী হয় আর্মি আর্চারি ক্লাব?
সব মিলিয়ে চারটি সোনা, তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ নিয়ে প্রথম হয় প্রতিযোগিতা শেষ করে ঢাকা আর্মি আর্চারি ক্লাব। তিনটি সোনা ও সমানসংখ্যক রুপা জিতে দ্বিতীয় স্থান দখল করে বাংলাদেশ আনসার? দুটি সোনা, একটি রুপা ও দুটি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় হয়ে প্রতিযোগিতা শেষ করে বিকেএসপি।
