অনূর্ধ্ব-২৩ দলের ভারত সফর
স্পোর্টস রিপোর্টার
কদিন আগেই ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে মাত্র ছয় রানে হেরেছে বাংলাদেশ যুব দল। এবার অনূর্ধ্ব-২৩ দলও অল্প রান তাড়া করতে গিয়ে ব্যর্থ হলো। ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৩৪ রানের হার দিয়ে শুরু হলো দলটির বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। সাইফ হাসানের সিদ্ধান্তকে প্রথম ওভারেই সঠিক বলে প্রমাণ করে ফেলেন ফাস্ট বোলার আবু হায়দার রনি। ইনিংসের তৃতীয় বলেই বোল্ড করে ফেরান ভারতীয় ওপেনার ভুপেন্দ্র জয়সোয়ালকে। এরপর ৬৪ রানের একটা জুটি করেন মাধব কৌশিক ও আর শারথ। ৪২ রান করা শারথকে আউট করে জুটি ভাঙেন শফিকুল ইসলাম।
এরপরে দুই ওভারে কৌশিক ও অধিনায়ক প্রিয়াম গর্গের উইকেট তুলে নেন মেহেদী হাসান। ভারতীয় ইনিংসের বাকিটা ছিল আরিয়ান জুয়ালের একক লড়াই। তিনি হূত্তিক ও শেঠকে নিয়ে দুটি জুটি করেন। শেষ পর্যন্ত রবিউলের বলে আউট হওয়ার আগে ৬৯ রান করেন।
১৯৩ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে ৪৬ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর বাংলাদেশকে লড়াইয়ে রাখেন জাকির হাসান। কিন্তু তিনি ৪৮ রান করে আহত হয়ে অবসর নিতে বাধ্য হন। শেষ দিকে আরিফুল ৩৮, মেহেদী ২০ ও রবিউল ২১ রান করেও পরাজয় এড়াতে পারেননি।
আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাকি তিনটি ম্যাচ। সব খেলাই লখনৌতে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব-২৩ দল
৫০ ওভারে ১৯২/৯ (আরিয়ান ৬৯, শারথ ৪২, কৌশিক ২০; মেহেদী হাসান ৩/২৯, সাইফ হাসান ২/২৩, আবু হায়দার ২/৩৭, শফিকুল ইসলাম ১/২৬, রবিউল ১/৩৭)।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
৪৮.৪ ওভারে ১৫৮/৯ (জাকির ৪৮, আরিফুল ৩৮, রবিউল ২১, মেহেদী ২০; জয়সোয়াল ২/৩১, শুভাং ২/৩২, হূত্তিক ২/৩২)।
ফল
ভারত অনূর্ধ্ব-২৩ দল ৩৪ রানে জয়ী।
