প্রকাশনাশিল্পের উন্নতি ছাড়া মানুষের পাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি করা যাবে না -------ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রকাশনাশিল্পের উন্নতি ছাড়া মানুষের পাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি করা যাবে না। আমাদের প্রকাশনা অনেক উন্নতি করেছে। কিন্তু আরো উন্নতি প্রয়োজন। কারণ, প্রকাশনা মানবসভ্যতাকে ধারণ করে।

পৃথিবীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে প্রকাশনাশিল্প। বর্তমান সময়ে এসে প্রশ্ন উঠেছে, প্রকাশনাশিল্প কোন রূপ ধারণ করবে— সেটা কি আদৌ কাগজের ওপর নির্ভর করবে, না ডিজিটাল, নাকি অন্য কোনো  মাধ্যম? সেটা          যা-ই হোক না কেন প্রকাশনাশিল্প কখনো বিলুপ্ত হবে না।

বৃহস্পতিবার বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত ‘সৃজনশীল বই বিষয়ক প্রশিক্ষণ ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রকাশনাশিল্পের মান বাড়াতে প্রকাশকদের জন্য আট দিনের এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে ৩০ জন প্রকাশক অংশ নিচ্ছেন। সমিতির সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, দ্য সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আহসানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক।