বিশ্ববিদ্যালয় রিপোর্টার
‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ এই স্লোগানকে ধারণ করে পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত বৃহস্পতিবার সকাল ১০টায় সমিতির কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে টিএসসি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়, টিএসসি কর্মকর্তাবৃন্দ ও সমিতির সদস্যবৃন্দ ।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শুধু ‘ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ওয়াচ ডগ’ নয়। এটি সমগ্র জাতির জন্য কাজ করছে। যদিও সারাদেশে এরকম অনেক পেশাজীবী সংগঠন রয়েছে। কিন্তু ডুজার একটি স্বতন্ত্র মাত্রা আছে। কারণ এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই জাতীয় জীবনের অন্যান্য ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠতার বিষয়টি উল্লেখ করে তিন বলেন, সাংবাদিকরা শুধু একটি বিষয়কে তুলে ধরে না বরং এর একটি ‘সিভিলাইজিং ইনফ্লুয়েন্স’ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর পড়ে।
০
