খোলা বাজারে মিলবে আবাসিক গ্যাসের প্রিপেইড মিটার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭

মাহবুব রনি

আবাসিক পর্যায়ে গ্যাসের চুরি, অপচয় এবং সিস্টেম লস ঠেকাতে সব সংযোগে প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু করেছে সরকার। এখন পর্যন্ত সরকারি উদ্যোগে প্রিপেইড মিটার স্থাপন করা হলেও এবার এ কাজে বেসরকারি উদ্যোগ-বিনিয়োগও চায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, এরই মধ্যে যেসব স্থানে গ্যাসের প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে সেখানে উত্সাহ তৈরি হয়েছে। কিন্তু শুধু সরকারি উদ্যোগে আবাসিক পর্যায়ে সব গ্রাহকের জন্য গ্যাসের প্রিপেইড মিটার স্থাপন করা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কাজেই সরকারিভাবে মিটার স্থাপনের পাশাপাশি বেসরকারি পর্যায়ে মিটার আমদানি ও উত্পাদন উন্মুক্ত করা হবে। গ্রাহক খোলা বাজার থেকে মিটার সংগ্রহ করে সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির ব্যবস্থাপনায় তা নিজ আঙিনায় বসাবেন। এ সংক্রান্ত একটি নীতি এরই মধ্যে প্রণয়ন করা হয়েছে। বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত গ্রহণ শেষে তা শিগগিরই চূড়ান্ত করা হবে।

বেসরকারি উদ্যোক্তাদের এ কাজে কীভাবে সম্পৃক্ত করা হবে, তা প্রস্তাবিত ‘আবাসিক পর্যায়ে খোলাবাজার হতে প্রি-পেইড/ স্মার্ট গ্যাস মিটার ক্রয় ও স্থাপন নীতিমালা-২০১৯’-এ উল্লেখ করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, পেট্রোবাংলা-নির্ধারিত মানদণ্ড এবং কারিগরি স্পেসিফিকেশন অনুযায়ী গ্রাহক খোলাবাজার থেকে প্রিপেইড মিটার সংগ্রহ করে তা আবেদনসহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে জমা দেবে। গ্যাস কোম্পানিগুলো বর্তমানে ব্যবহূত প্রিপেইড মিটারিং ও বিলিং সফটওয়্যারের সঙ্গে এসব মিটার সামঞ্জস্যপূর্ণ করার পর গ্রাহক পর্যায়ে স্থাপন করবে। আবেদনপ্রাপ্তির এক মাসের মধ্যে নতুন প্রিপেইড মিটার ইন্টারফেস বা স্থাপন করবে সংশ্লিষ্ট কোম্পানি। এটি বিচ্ছিন্নভাবে কেবল মিটার ক্রয় ও স্থাপনের বিষয় নয়, বরং নির্দিষ্ট মান ও স্পেসিফিকেশনের মিটার সংগ্রহ, সফটওয়্যারের সঙ্গে এর সমন্বয়, চার্জিং-রিচার্জিং, অভিযোগ নিষ্পত্তি, গ্রাহকসেবাসহ সব বিষয়ের একটি সমন্বিত ব্যবস্থাপনা হিসেবে বিবেচনা করতে হবে।

প্রিপেইড মিটার আমদানির ক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলোকে পেট্রোবাংলায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। সঙ্গে আমদানি বা প্রস্তুতকৃত মিটারের নমুনা জমা এবং কারিগরি কমিটির সামনে এর মান ও স্পেসিফিকেশন নিশ্চিত করতে হবে। ইউনিক মিটার নম্বরের পাশাপাশি বাংলা ভাষায় মিটারের ব্যবহার বিধিমালা গ্রাহককে দেওয়া হবে।