ইত্তেফাক রিপোর্ট
দেশ জুড়ে মানবিক, আনন্দময় পরিবেশ লঙ্ঘিত হওয়ার প্রেক্ষাপটে সামাজিক কার্যকরী আন্দোলন গড়ে তুলতে চায় মুক্তিযুদ্ধের চেতনায় লালিত শিশু-কািশোর সংগঠন খেলাঘর। চলমান পরিস্থিতি মোকাবিলা করে অসাম্প্রদায়িক সুখি সুন্দর সোনার বাংলা গড়ার কার্যকর কর্মসূচি প্রণয়নে শুরু হয়েছে খেলাঘর জাতীয় সম্মেলন-২০১৯। বাংলাদেশ শিশু একাডেমিতে এ সম্মেলন উপলক্ষ্যে বসেছে সারাদেশের খেলাঘর পরিবারের মিলনমেলা। দেশের অর্ধশতাধিক জেলা, মহানগরী ও অঞ্চলের শাখা আসরগুলোর ৬ শতাধিক প্রতিনিধি এবং সহস্রাধিক সদস্য এবারের সম্মেলনে অংশ নিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বন্ু্লপ্রতিম সংগঠন সব পেয়েছির আসর ও কিশোর বাগিনীর পাঁচ জন প্রতিনিধিও যোগ দিয়েছেন।
গতকাল শুক্রবার সম্মেলনের উদ্বোধনী আয়োজনে খেলাঘরের প্রতিষ্ঠাতা শহীদুল্লাহ কায়সার স্মরণে ‘শহীদুল্লাহ কায়সার পদক’ প্রদান করা হয় সম্মেলনের উদ্বোধক জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, শিল্পী অধ্যাপক সমরজিত্ রায় চৌধুরী ও শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, অধ্যাপক প্রণয় সাহা, আবদুল মতিন ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাহাবুল ইসলাম বাবু।
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, স্বাধীনতার পরে খেলাঘরের মতো শিশু সংগঠনে শিশুদের অংশগ্রহণ কমে যাচ্ছে। সবাই লেখাপড়া ও বেশি নম্বর অর্জনের দিক জোর দিচ্ছে। দেশপ্রেম গড়ে তোলা এবং শিশু-কিশোরদের শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে কিছু নম্বর কম পেলেও অভিভাবকদের প্রতি শিশুদের শিশু সংগঠনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
