১৫ লাখ টাকার সমপরিমাণ ডলার ছিনতাই মামলা
কোর্ট রিপোর্টার
ডলার ছিনতাইয়ের মামলায় রাজধানীর উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনসহ (সাময়িক বরখাস্ত) দুই জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক দেবদাস চন্দ্র অধিকারী ঐ রায় দেন। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণার পর সাজা-পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। দণ্ডিত অপর জন হলেন মাসুম বিল্লাহ। আলমগীর হোসেন যশোরের ঝিকরগাছা থানাধীন কীর্তিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মাসুম বিল্লাহর বাড়ি ঢাকার দোহার থানাধীন উত্তর শিমুলিয়া গ্রামে। ২০১৭ সালের ১৯ জুন তাদের দুই জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
