জন্মশতবার্ষিকী উদ্যাপন
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর আমাদের চলচ্চিত্র, নাট্যশিল্প, অভিনয় শিল্পসহ সংস্কৃতি অঙ্গনের সব ক্ষেত্রে ধস নেমেছিল। বাংলাদেশ আজ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। সংস্কৃতি অঙ্গনেও পিছিয়ে থাকতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে’ চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি’র এক সভায় সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ও বরেণ্য অভিনয় শিল্পী আকবর হোসেন পাঠান (ফারুক) এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য জীবন ও আদর্শকে দেশ-বিদেশের দর্শকদের কাছে তুলে ধরতে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের লক্ষ্যে স্ক্রিপ্ট ও নির্মাণের পূর্ণাঙ্গ প্রস্তাব আহ্বান করা হয়েছিল। ২৯ আগস্ট ছিল এই প্রস্তাব পাঠানোর শেষ দিন। চলচ্চিত্র ও তথ্যচিত্র মিলিয়ে মোট ২৩০টি প্রস্তাব জমা পড়েছে। প্রাথমিক বাছাইকৃত ৬৭টি তথ্যচিত্রের প্রস্তাবসমূহ নিয়ে ‘চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি’র সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় কমিটির কার্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।
তরুণ প্রজন্মকে উত্সাহিত করতে এইসব চলচ্চিত্র অনন্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তথ্য সচিব আবদুল মালেক। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ ও মাসুদ পথিক, অভিনয় শিল্পী পীযুষ বন্দোপাধ্যায় ও রিয়াজ আহমেদ এবং রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল। —প্রেস বিজ্ঞপ্তি
