‘চিকিত্সক ও ফার্মাসিস্ট
নিয়োগের ব্যবস্থা করা হবে’
ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমানে দেশে চাহিদার ৯৮ ভাগ ওষুধ উত্পাদন হচ্ছে। শুধু উত্পাদনই নয়, ১৮২টি দেশে ওষুধ রপ্তানিও করা হচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ওষুধশিল্প। এটি বড়ো একটি অর্জন। এটি আমরা ধরে রাখতে পারলে আরো অনেক দূর এগিয়ে যাবো। বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, ১৬ কোটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সত্যি কঠিন কাজ। কিন্তু সরকার সেই চ্যালেঞ্জ নিয়েই সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। দেশে এখন গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক কাজ করছে। তিনি আরো বলেন, দেশে বর্তমানে মাতৃ মৃত্যু, শিশু মৃত্যুর হার কমে এসেছে। সবার সহযোগিতা পেলে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেঙ্গু রোগী ধীরে ধীরে কমে আসছে দাবি করে বলেন, এ বছর এটি আমাদের জন্য শিক্ষা। আগামী বছর যাতে ডেঙ্গু কম হয় এবং ভালোভাবে আমরা মোকাবিলা করতে পারি এজন্য সারা বছর কাজ চলবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবা খাতেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। চিকিত্সকের পাশাপাশি ক্রমান্বয়ে ফার্মাসিস্ট নিয়োগের ব্যবস্থা করা হবে। আমাদের এ বিষয়ে পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যসচিব ও ফার্মেসি কাউন্সিলের সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েল উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার ও ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আজাদ আবুল কালাম।
