ভারতের সাবেক মন্ত্রী চিন্ময়ানন্দ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

 

আইনপড়ুয়া এক তরুণীর ধর্ষণের অভিযোগের পর ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে গ্রেফতার করা হয়েছে। উত্তর প্রদেশের সহারনপুর আশ্রম থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার

গ্রেফতারের পর চিন্ময়ানন্দকে শারীরিক পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই দিন বিকালে তাকে আদালতে উপস্থাপন করার কথা। তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে বা হবে সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। ওই শিক্ষার্থী গত সোমবার আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চিন্ময়ানন্দের বিরুদ্ধে জবানবন্দি দেন। তার অভিযোগ, গত এক বছর ধরে চিন্ময়ানন্দ তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন। তার আগে গত ২৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্টে সর্বপ্রথম চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন ওই তরুণী। পরদিন থেকেই নিখোঁজ হয়ে যাওয়ায় তরুণীর পরিবার থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রাজস্থানের জয়পুর থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর তরুণী পুলিশকে বলেন, চিন্ময়ানন্দের ভয়ে ?তিনি বন্ধুদের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। ওই সময় তিনি ধর্ষণের এবং এ বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন। তার দাবি, তিনি গোপন ক্যামেরায় ‘চিন্ময়ানন্দের কুকীর্তির’ ভিডিও ধারণ করেছেন।