যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পৃথক গোলাগুলির ঘটনায় দুই জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। একটি গুলির ঘটনা ঘটে হোয়াইট হাউজের কাছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুুলিশ। খবর রয়টার্সের
বৃহস্পতিবার রাত ১০টার দিকে হোয়াইট হাউজ থেকে তিন কিলোমিটার দূরে কলাম্বিয়া হাইটসে গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। কী কারণে গোলাগুলি হয়েছে তাও স্পষ্ট নয়। মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট এমেরম্যান বলেন, সচারচর গোলাগুলির ঘটনা যে রকম হয় এটা তেমন ছিল না। ফোরটিনথ স্ট্রিট ও কলাম্বিয়া রোডের ক্রসিংয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনের উঠানের বাইরে গোলাগুলি হয়েছে।
গোলাগুলির কারণ খুঁজতে গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন। আহত সবাই প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হলেও সবাই প্রাণে বেঁচে যাবেন বলে আশা প্রকাশ করেন ওই পুলিশ কর্মকর্তা। পুলিশ বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজনরা নিসান সিদানে এসেছিল এবং ‘একে’ ধাঁচের রাইফেল ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে, প্রথম হামলার আধা ঘন্টা পরে ওয়াশিংটন ডিসির উত্তর-পূর্ব দিকে রোড আইল্যান্ড এভিনিউতে আরেকটি গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং আহত হয়েছেন দুই জন। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
