নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান সিনহা ওপেক্স কারখানায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার চার দিন পর ২৩১ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সিনহা ওপেক্স গ্রুপের সিকিউরিটি শাহ আলম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। গত ১৫ সেপ্টেম্বর সকালে বেতন-ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটিসহ কয়েকটি সুযোগ-সুবিধার দাবিতে কাঁচপুরে সিনহা ওপেক্স গ্রুপের কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পর দিন ১৬ সেপ্টেম্বর অভিযুক্ত শ্রমিকদের বহিষ্কার করে নামের তালিকা প্রধান ফটকের সামনে সাঁটিয়ে দেয় সিনহা ওপেক্স গার্মেন্ট কর্তৃপক্ষ।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, কাঁচপুরের সিনহা গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্ত শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
