সাভারে আওয়ামী লীগ নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৩

সাভারে পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাভার পৌর এলাকার তারাপুর মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে জড়ো হন।

সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুল গণির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ।