বন্দরে বালু ব্যবসায়ী খুন ঘাতক গ্রেফতার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৩

বন্দরের কুড়িপাড়ায় বালু ব্যবসায়ী খোকনকে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল শুক্রবার দুপুরে একই এলাকার ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় খোকনের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মূল ঘাতক সন্ত্রাসী আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ হত্যায় ব্যবহূত রক্তমাখা হাতুড়ি উদ্ধার করেছে।

নিহত খোকন কুড়িপাড়া এলাকার সানু মাদবরের ছেলে। গ্রেফতারকৃত আল আমিন একই এলাকার তাওলাদ হোসেনের ছেলে। সন্ত্রাসী আল আমিন পুলিশ ও এলাকাবাসীর কাছে প্রকাশ্যে হত্যার দায় স্বীকার করেছে। বলেছে, সে টাকার জন্য বালু ব্যবসায়ী খোকনকে হত্যা করেছে। সে পুলিশকে জানায়, খোকনকে হত্যা করে তার কাছ থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় সে। পুলিশ আল আমিনের কাছ থেকে ছিনতাই করা ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে। বাকি টাকা আল আমিনের সহযোগী নিয়ে গেছে। পুলিশ মামলার স্বার্থে সহযোগীর নাম প্রকাশ করেনি।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে বোঝা যায়, টাকার জন্যই বালু ব্যবসায়ী খোকনকে খুন করা হয়েছে। গ্রেফতারকৃত আল আমিন বলেছে, তার সঙ্গে আরো একজন এই খুনে জড়িত আছে। আমরা তার সহযোগীকে গ্রেফতারে অভিযান শুরু করেছি এবং আরো কেউ এ ঘটনায় জড়িত কি না, তা তদন্ত করে দেখছি।’ নিহত খোকনের বাবা সানু মাদবর তার ছেলে হত্যার বিচার দাবি করেন।