ধামরাইয়ে শারদীয় দুর্গোত্সবের প্রস্তুতি, সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস পুলিশ সুপারের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৪

ঢাকার ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোত্সবের প্রস্তুতি চলছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় দুইশত মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা যায় উপজেলা পূজা উদ্যাপন কমিটি সূত্রে। ধামরাইয়ে সুশৃঙ্খল শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দুর্গোত্সবসহ যে কোনো ধর্মীয় উত্সব পালনের ঐতিহ্য দীর্ঘকালের। এবারো সুশৃঙ্খল শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দুর্গোত্সব পালিত হবে বলে সবার দৃঢ় বিশ্বাস। নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও উত্সবমুখর পরিবেশে সুচারুরূপে দুর্গোত্সব উদ্যাপনের লক্ষ্যে জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটি, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে গত বৃহস্পতিবার ধামরাই থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, বিপিএম (সেবা) পিপিএম। ওসি দীপক চন্দ্র সাহার স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, পূজা উদ্যাপন কমিটির সভাপতি অজীত চক্রবর্তী, সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এসপি মারুফ হোসেন  সরদার দুর্গাপূজা উদ্যাপনের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং কোনো প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।