জনপ্রিয় শিল্পী অর্নবের কনসার্ট হয়ে গেল গতকাল শুক্রবার। অনেক সময় পর পর তিনি দর্শকের সামনে হাজির হন। এবারও এলেন বহুদিন পরে। এসেই মাতিয়ে তুললেন যমুনা ফিউচার পার্ক। গতকাল সেখানেই বসেছিল অর্নবের এই কনসার্ট। মাতালেন তার গানে গানে সুরে সুরে। ‘হারিয়ে যাইনি’ তবু শিরোনামে অনুষ্ঠিত হয় অর্নবের এ কনসার্ট। অর্নব তার প্রিয় সব গান গেয়ে মাতিয়ে রাখেন কয়েক ঘণ্টা। কনসার্টটি আয়োজন করেছে ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানি ‘জারকোনিয়াম’।
রাত সাড়ে আটটায় অর্নব মঞ্চে আসেন গিটার হাতে। শুধু গিটার ও খালি গলায় প্রথমেই গেয়ে শোনান ‘এই শহর আমার এই মানুষ আমার’। গান শেষে করতালি আর উল্লাসে ফেটে পড়ে হাজার হাজার দর্শক শ্রোতা। যমুনা ফিউচার পার্কের ভিআইপি কার পার্কিং ও মোটরসাইকেল পার্কিং এলাকাজুড়ে সংগীতপ্রেমী মানুষ উপভোগ করে দ্বিতীয় গান ‘হারিয়ে গিয়েছি এইতো জরুরি খবর’। এরপর স্টেজে অর্নবের সঙ্গে গান নিয়ে আসেন তার শান্তিনিকেতনের বন্ধু সুনিধি। দুইজনে মিলে একসঙ্গে গেয়ে শোনান ‘এই যে তোমার ওগো হূদয়ও হরণও’। এরপর অর্নব গেয়ে শোনান তার তুমুল জনপ্রিয় গান ‘হোক কলরব ভুলগুলো সব লাল না হয়ে নীল হলো ক্যান’। এরপর অর্নব তার বন্ধুদের নিয়ে গেয়ে শোনান ‘নেহারবা’। এরপর একে একে গেয়ে শোনান ‘তোমার জন্য’, ‘ভালোবাসা তারপর’সহ বেশ কয়েকটি গান।
