ডেঙ্গু পরিস্থিতি উন্নতির দিকে : স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:২১

সারাদেশে ২৪ ঘণ্টায় নতুন ৫০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম গতকাল শুক্রবার এ তথ্য জানিয়ে বলেছে, ভর্তিকৃত রোগীদের মধ্যে ঢাকায় ১৬৫ জন। সেপ্টেম্বরের শুরু থেকেই হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা লক্ষণীয়ভাবে কমে এসেছে জানিয়েছে অধিদপ্তর।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু রোগের চিকিত্সা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮১ হাজার ৬২৮ জন। যা হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যার প্রায় ৯৭ শতাংশ। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তিকৃত রোগী আছেন ২ হাজার ১৫৮ জন। এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে।

এদিকে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোজিনা বেগমকে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় রাত ৯টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। রোজিনা যশোরের ঝিকরগাছা উপজেলা সদরের খায়রুল ইসলামের স্ত্রী।